দক্ষিণখানে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর বাজারে ২ কোটি টাকার মূল্যের সোয়া চার কাঠা জমি একটি স্থানীয় চক্র দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকের অভিযোগ, চক্রটি মসজিদের নাম ব্যবহার করে দখল চেষ্টা করছে। প্রতিবাদ করলেই চক্রের সদস্যরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিরাপত্তা চেয়ে জমির মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল মঙ্গলবার এসব অভিযোগ করেন জমির মালিক মোসা. মাহিনুর আক্তার।

মাহিনুর আক্তার অভিযোগ করেন, চলতি বছরের ১৯ মার্চ দুপুরে হঠাৎ করে রফিকুল ইসলাম ওরফে দলা ও তার লোকজন এসে আমাদের বসতভিটা দখলের চেষ্টা করে। আমরা বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা।

তিনি আরও বলেন, জায়গাটির মালিক আমরা তিন বোন। আমাদের কোনো ভাই নেই। এই সুযোগে একটি চক্র জমিটি দখলের চেষ্টা করছে। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

দক্ষিণখান থানার ওসি শামীম উর রশীদ জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিল। আবারও তাদের ডাকা হবে।