ভালুকায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া কড়ইতলা এলাকায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার রাতে আল-আমিন নামে ওই স্কুলশিক্ষকের নামে থানায় মামলা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কড়ইতলা এলাকার ‘শিশু মডেল একাডেমি’ নামে শিক্ষাপ্রতিষ্ঠানটি করোনার কারণে বন্ধ রয়েছে। স্কুলভবনে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতেন শিক্ষকরা। প্রতিদিনের মতো সোমবার দুপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা আল-আমিনের কাছে প্রাইভেট পড়তে আসে। প্রাইভেট শেষে সব শিক্ষার্থীকে বিদায় দিয়ে ভুক্তভোগী শিশুকে থাকতে বলে আল-আমিন। পরে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে যায় সে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।