বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন নাজমুল আহসান কলিমউল্লাহ। নতুন উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদ।
হাসিবুর রশীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১৪ জুন থেকে অধ্যাপক হাসিবুর রশীদের এই নিয়োগ কার্যকর হবে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক। তিনি ২০২০ সালের ১০ মার্চ থেকে ট্রেজারার হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে ২০১৭ সালের ১ জুন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার।
তার বিরুদ্ধে বেশিরভাগ সময় ক্যাম্পাসে না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। উপাচার্যসহ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দুটি কমিটির মাধ্যমে তদন্ত করে ইউজিসি।
নাজমুল আহসান কলিমউল্লাহ নতুন উপাচার্য নিয়োগ বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, আমার সহকর্মী হাসিবুর রশীদকে অভিনন্দন ও শুভকামনা। আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী হিসেবে কাজ করে আসছি। বেরোবিতেও তিনি আমার প্রশাসনের ট্রেজারার ছিলেন। তার হাত ধরেই এগিয়ে যাবে বেরোবি।