রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

রাজধানীর মিরপুর পশ্চিম কাজীপাড়ায় একটি পুরাতন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে নাজমা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দেয়াল চাপায় গুরুতর আহত হয় ওই শিশু।

নিহত শিশুর চাচা মোবারক হোসেন জানান, শিশুটি নেত্রকোনা, দুর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামের রিকশাচালক জিন্নাত আলীর মেয়ে।  তিনি আরও জানান, সন্ধ্যায় বাসার পাশে একটি পুরাতন ৪তলা ভবনের পাশ দিয়ে যাচ্ছিল শিশুটি। তখন ভবনটির দেয়ালের একাংশ ধসে পড়ে শিশুটি ওপর। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।