সেনাপ্রধানের সঙ্গে বিদায়ী বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল বুধবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বিমানবাহিনী প্রধান সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছলে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন। বিদায়ী বিমানবাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। আন্তঃবাহিনী জনংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, এর আগে বিমানবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। উল্লেখ্য, বিমানবাহিনী প্রধান ১২ জুন অপরাহ্নে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নানের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।