হ্যাটট্রিকে আলো কাড়লেন আনুচিং

মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন আনুচিং মোগিনি। অধিনায়ক মার্জিয়া করলেন জোড়া গোল। সুবাদে এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে বড় জয় পেল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষকে ৭-০ গোলে হারায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর দলটি দ্বিতীয়ার্ধে আরো তিনবার বল জাড়ে জড়ায়। আনুচিং প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করেন।

ম্যাচের ৫ মিনিটে আকলিমা এগিয়ে দেন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। ১২ মিনিটে আনুচিং ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট পরই সোহাগি গোল করলে ৩-০ গোলে লিড পায় দলটি। ৩৬ মিনিটে নিজের আনুচিং দ্বিতীয় গোল আদায় করেন (৪-০)।

বিরতির পর মার্জিয়া ৪৯ মিনিটে গোল করলে ৫-০ গোলে এগিয়ে যায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। ১০ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন আনুচিং। আর ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে দলকে ৭-০ গোলে এগিয়ে দেন মার্জিয়া।

দিনের অন্য ম্যাচে কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে জামালপুর কাচারিপাড়া একাদশ।