বিফলে জয়ের ঝড়, জিতলেন মাহমুদউল্লাহ-সৌম্যরা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদরা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে মাহমুদুল হাসান জয়ের ঝোড়ো ফিফটির সুবাদে ৭ উইকেটে ১৩৬ রান করে ওল্ড ডিওএইচএস। জবাব দিতে নেমে ৬ বল হাতে রেখে ৪ উইকেটে ১৩৯ রান করে গাজী গ্রুপ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়া ওল্ড ডিওএইচএসকে রক্ষা করেন জয়। সতীর্থরা একের পর এক ব্যর্থ হলেও তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার ঝড়ো ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৭ ছয়ে। শেষদিকে ৯ বলে ১৫ রান করে জয়ের সঙ্গে মাঠ ছাড়েন আল ইসলাম।

গাজী গ্রুপের হয়ে ৪ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন নাসুম আহমেদ। একটি করে উইকেট ভাগাভাগি করেন মহিউদ্দিন তারেক, মমিনুল হক ও মাহমুদউল্লাহ।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপকে দুর্দান্ত শুরু এনে দেন মেহেদী হাসান ও সৌম্য সরকার। দুজনের ওপেনিং জুটি ভাঙে ২৬ রানে। ১০ বলে ৪ চার ও ১ ছয়ে ২২ রানের ক্যামিও উপহার দেন মেহেদী। দেখেশুনে খেলতে থাকা সৌম্য ৩৫ বলে ৪ চার ও ১ ছয়ে করেন ৩৭ রান। মুমিনুল ৩৪ বলে করেন ২৭। মাহমুদউল্লার ১৮ বলে ১৯ এবং ইয়াসির আলীর অপরাজিত ১৮ বলে ২৪ রানের সুবাদে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ।

ওল্ড ডিওএইচএসের হয়ে ২ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। একটি করে উইকেট নিয়েছেন হামিদুল ইসলাম ও আল ইসলাম।