অবৈধভাবে গ্যাস সংযোগ পাইয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও একই প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে বেলা ১১টার দিকে নগরীর আগ্রাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন দেশ রূপান্তরকে বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দুদক সম্মিলিত-১-এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দীন বাদী হয়ে মামলা করেন।