বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীরা করপোরেট গ্যারান্টির বিপরীতে জমি ও ফ্ল্যাট ক্রয়ে ২০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ইউজিসি ও জনতা ব্যাংকের মধ্যে সাধারণ গৃহ নির্মাণে ১০০ কোটি টাকার একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং জনতা ব্যাংকের ইউজিসি ভবন করপোরেট শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ২০ বছর মেয়াদি সরল সুদে এই ঋণ সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে। ঋণ গ্রহণের ৬ মাস পর থেকে কিস্তি আদায়যোগ্য হবে।
কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুর রব খান এবং উপমহাব্যবস্থাপক রুহুল কবির।