মাজার থেকে ফেরার পথে পাকিস্তানে ১৯ যাত্রীর মৃত্যু

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় যাত্রী বোঝাই একটি বাস উল্টে যাওয়ায় কমপক্ষে ১৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবার একজন সুফি সাধকের মাজার থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

এ প্রদেশের আধা সামরিক নিরাপত্তা বাহিনী লেভিজ জানায়, বাসটি দ্রুতগতিতে মোড় নেয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, এ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের খুজদারের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশংকাজনক।

লেভিজের এক কর্মকর্তা জানান, যাত্রীবাহী এ বাস পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদাহে যাচ্ছিল।

পাকিস্তানে প্রধানত দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং অপেশাদার চালকদের গাড়ি চালানোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

চলতি সপ্তাহের শুরুতে সিন্ধ প্রদেশের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৬২ জনের প্রাণ যায়।