নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গাকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
শুক্রবার সকালে চর এলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণের ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো মমিনা বেগম (২৬), রাশেদা (২৩), খতিজা (৮৩), জুবায়েদা (১৬), ইউছুফ (৩৫), খায়ের হোসেন (৩৫), সিদ্দিক (২০), আবুল হায়েজ (১৩), শহিদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ভাড়া নৌকাযোগে আসা ১২ রোহিঙ্গাকে চর এলাহি দক্ষিণ ঘাটে আটক করে স্থানীয় লোকজন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ভাসানচর থেকে পালিয়ে তারা তাদের পুরাতন ক্যাম্প কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক বয়স্ক রোহিঙ্গা নারী ও পুরুষের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে তাদের বিচারিক আদালতে প্রেরণ করা হবে।
এর আগে একদল রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে মিরসরাইয়ে আটক হয়।