ভাটারায় স্বামীর কুড়ালের কোপে স্ত্রীর মৃত্যু

দাম্পত্য কলহের জেরে রাজধানীর ভাটার থানা এলাকায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।

ভাটার থানার ছোলমাইদ এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম জোবেদা আক্তার(২৫)।  তিনি বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। আর তার স্বামীর নাম আবুল কাশেম। তিনি পেশায় রিকশা চালক।

পুলিশ আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিহত জোবেদা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেরে মর্গে নেওয়া হয়েছে।

ভাটারা থানার এএসআই  সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জোবেদা আক্তার ও আবুল কাশেম দম্পতি দুই সন্তান নিয়ে ছোলমাইদপূর্ব পাড়ার আল-আমিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে আল-আমিন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী আবুল কাশেম বাসায় থাকা কুড়াল দিয়ে জোবেদার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জোবেদা খাতুনের বাড়ি নেত্রকোনা জেলার কলমা কান্দায়। আবুল কাশেমের বাড়ি একই জেলার সদর উপজেলায়।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আবুল কাশেমকে আসামি করে একটি হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।