মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মিরেশ্বরাই গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভাসমান অবস্থায় শিশুর লাশ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক ৫ মাস বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার এসআই তন্ময় মন্ডল জানান, স্থানীরা নদীতে লাশ ভাসতে দেখলে সদর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ২-৩ দিনের আগের। শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে।