রাজধানীর আগারগাঁওয়ের সংসদ সচিবালয়ের কোয়ার্টার থেকে নুসরাত জাহান (২৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার পুলিশ বাসার দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নুসরাতের স্বামী পলাতক রয়েছে।
পুলিশ জানায়, নুসরাত তার স্বামী মামুন মিল্লাতের সঙ্গে সংসদ সচিবালয় বি-২ নম্বর কোয়ার্টারে সাবলেট থাকতেন। সকাল ১১টা পর্যন্ত মামুন মিল্লাতকে বাসায় দেখতে পান প্রতিবেশীরা। এরপর তিনি উধাও হয়ে যান। দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করে নুসরাতের সাড়া পাননি। এতে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পুলিশ বাসার দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ জানান, নুসরাত ২০১৯ সালে মামুন মিল্লাতকে বিয়ে করেন। মামুন মিল্লাত নিজেকে ৩৮তম বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নুসরাতকে বিয়ে করেছিলেন। কিন্তু, নুসরাত বিয়ের পর জানতে পারেন, মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।