‘আনসার আল ইসলামের’ আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

সিরিয়া ফেরত, আইটি বিশেষজ্ঞ ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নেতা সাখাওয়াত আলী লালু (৪০) কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম বিভাগ। গত শুক্রবার (১১ জুন) রাতে নগরীর দক্ষিণ খুলশীতে আহলে হাদিসপন্থীদের একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই উদ্ধার করা হয়।

গ্রেফতার সাখাওয়াত আলী লালু নগরীর খুলশী থানার এম এম আলী রোডের বাসিন্দা শেখ মো. শমসের আলীর ছেলে। নগরীর লালখান বাজার এলাকার অভিজাত লন্ড্রি ‘ওয়াশো ড্রাই ক্লিনার্স’র মালিক তার বাবা।

এ প্রসঙ্গে সিএমপির কাউন্টার টেররিজম বিভাগের এসআই রাছিব খান দেশ রূপান্তরকে বলেন, সাখাওয়াত দীর্ঘদিন সিরিয়ায় অবস্থানের পর গত ২২ মার্চ ইন্দোনোশিয়া হয়ে বাংলাদেশে আসেন। এরপর থেকে তাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারীতে রাখা হয়। কম্পিউটার বিজ্ঞানে লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করা এই জঙ্গি নেতা চট্টগ্রামের নিজ বাড়ি খুলশীতে অবস্থান করে আনসার আল ইসলামের পক্ষে অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র মতাদর্শ প্রচার করতে থাকে। গত শুক্রবার উগ্র মতাদর্শের জিহাদি বইপত্র নিয়ে দক্ষিণ খুলশীতে যান তিনি।

 সেখানে জিহাদি সংগঠনের কার্যক্রম চালানোর উদ্দেশ্যে বৈঠক করতে যান বলে আমরা তথ্য পাই। এরপর তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে মুরতাদ হত্যার বিধান, বাংলাদেশ: হিন্দুত্ববাদী প্রকল্পের এক বিপদজনক ও নতুন পর্যায়, তারাবিয়াহসহ আরও কয়েকটি জিহাদী বই উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি পাসপোর্ট এবং একটি ট্যাব ও মিনি নোটবুক জব্ধ করা হয়েছে বলেও জানান তিনি।