করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ভারতে এখন পর্যন্ত ৭১৯ চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এদের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহার রাজ্যে। এরপরই রাজধানী দিল্লির অবস্থান।
এনডিটিভি বলছে, আইএমএর তথ্যানুযায়ী বিহারে ১১১, দিল্লিতে ১০৯, উত্তরপ্রদেশে ৭৯, পশ্চিমবঙ্গে ৬৩ ও রাজস্থানে ৪৩ চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া অন্ধ্রপ্রদেশে ৩৫, তেলেঙ্গানায় ৩৬, তামিলনাড়–তে ৩২, কেরালায় ২৪ ও কর্ণাটকে ৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
করোনা মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। তাদের মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা বলা হচ্ছে। নিজের জীবনের পরোয়া না করে তারা রোগীদের প্রাণ রক্ষা করতে দিনরাত পরিশ্রম করছেন।
চলতি বছরের শুরুতে ভারতে খানিকটা কমে এলেও গত মার্চ থেকে করোনা সংক্রমণ বাড়তে থাকে, যাকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। এপ্রিল নাগাদ সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ওই সময়ে দেশটিতে টানা কয়েক দিন দৈনিক চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিল। তবে বর্তমানে দৈনিক শনাক্ত দুই লাখের নিচে নেমে এসেছে। কিন্তু দৈনিক মৃত্যু এখনো অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে।