সংবাদ সম্মেলন নিয়ে বিসিবির তামাশা

সাকিব আল হাসানের বিতর্কিত কাণ্ড নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ করায় ইতিমধ্যে শাস্তিও পেয়েছেন তিনি। তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

তবে সাকিবের শাস্তি পাওয়ার দিনে খবর সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রীড়া সাংবাদিকদের।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় বিসিবির মিডিয়া কমিটির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন ধানমন্ডিতে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনামের অফিসে অনুষ্ঠিত হবে।

সেই মতে সংবাদকর্মীরা সেখানে যাওয়ার পথে, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে একই সূত্রে জানতে পারা যায়, সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। কিন্তু এর মিনিট দশেক পরেই দেখা যায়, কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিসিবি সভাপতির বাসভবনের গ্যারেজে কাজী ইনাম ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ সম্মেলন করছেন।

এ ব্যাপারে জালাল ইউনুস জানান, ‘সংবাদকর্মীরা ওখানে এসেছে ভেবে আমরা গুলশানেই প্রেসের সঙ্গে কথা বলেছি।’