যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আজ থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)।
রবিবার সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়। প্রথম দিন মোট ১২টি ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, আজ ৮টি বিভাগের ১১টি সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও চলছে।
বিভাগগুলো হল- লোকপ্রশাসন বিভাগের ১টি সেমিস্টার, ব্যবস্থাপনা বিভাগের ১টি, আইন বিভাগের ১টি, মার্কেটিং বিভাগের ১টি, ফার্মেসি বিভাগের ১টি, পরিসংখ্যান বিভাগের ২টি, আইসিটি বিভাগের ২টি, অ্যাকাউন্টিং বিভাগের ২টি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছি। আর যতটা সম্ভব জনসমাগম কমাতেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। প্রতিটি অনুষদের সামনে পৃথক সাবান পানির ব্যবস্থাও করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনা মহামারির প্রকোপ দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। পরে ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।