আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, নারীর মৃত্যু

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে জেসমিন নামে এক নারী শ্রমিক বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মারা যান।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জেসমিনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

জেসমিনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। 

নিহত জেসমিন বেগম ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্টস এর সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে রবিবার সকালে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর ভেতর অবস্থিত ভারতীয় মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। 

শ্রমিকেরা জানায়, ডিইপিজেডের নতুন জোনে অবস্থিত ভারতীয় মালিকানাধীন মেনি ফ্যাশন গার্মেন্টসে ছয় হাজার শ্রমিক কাজ করতেন।

কিছুদিন আগে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেন।

এটি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় শ্রমিকরা আজ সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ ঘটনায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ সময় পুলিশ শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত পাঁচজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।