হাদিসে ঘোষিত ১১ ধরনের সর্বোত্তম মানুষ

বিভিন্ন হাদিসে আলাদা আলাদাভাবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের স্বভাব-চরিত্র সম্পর্কে নানা আলোচনা করেছেন। ওইসব আলোচনায় মানুষের বর্জনীয় অভ্যাস সম্পর্কে যেমন আলোচনা রয়েছে, তেমনি ভালো গুণ সম্পর্কেও আলোচনা রয়েছে। বিভিন্ন হাদিসে নবী কারিম (সা.) উত্তম মানুষের কিছু বৈশিষ্ট্য ও গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন। ওইসব হাদিসের আলোকে আলেমরা ১১ শ্রেণির মানুষকে সর্বোত্তম বলে অভিহিত করেছেন। তারা হলেন

এক. হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ সহিহ বোখারি : ৫০২৭

দুই. ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী।’-সহিহ বোখারি : ৬০৩৫

তিন. ‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।’ সহিহ বোখারি : ২৩০৫

চার. ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ তিরমিজি : ২২৬৩/২৪৩২

পাঁচ. ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ ইবনে হিব্বান : ৪১৭৭

ছয়. ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে দীর্ঘজীবী ও উত্তম আমলের অধিকারী।’ আহমাদ : ৭২১২, ৯২৩৫

সাত. ‘সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।’ তিরমিজি : ৩২৮৯

আট. ‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসুলুল্লাহ (সা.) বলেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি কিংবা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।’ ইবনে মাজাহ : ৪২১৬

নয়. ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ তিরমিজি : ১৯৪৪

দশ. ‘মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে।’ বায়হাকি, শোয়াবুল ইমান : ৪২৯১

এগারো. ‘ওই মুমিন (সর্বশ্রেষ্ঠ) যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে।’ সহিহ বোখারি : ২৭৮৬, ৬৪৯৪

গ্রন্থনা : আবদুল আজীজ