শ্রমিক লীগের কমিটিতে বিএনপি ঘরানার নেতা সভাপতি

বিএনপি ঘরানার পরিবহন নেতা সাজ্জাদ শিকদারকে বানানো হয়েছে শ্রমিক লীগের সভাপতি। কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ তাকে সভাপতি করে তিতাস উপজেলা শ্রমিক লীগের কমিটি ঘোষণা করেছে। চলতি বছর ১৪ ফেব্রুয়ারি অনুমোদন হলেও গত শনিবার রাতে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশের পর নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, তিতাস উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটিতে সাজ্জাদ শিকদারকে সভাপতি ও আল আমীনকে সাধারণ সম্পাদক এবং তিতাস উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম মুন্সির ছোট ভাই রিপন মুন্সিকে সাংগঠনিক সম্পাদক ও ইসলামী আন্দোলন তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ভূঁইয়াকে সদস্য করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ওই কমিটির সভাপতিসহ নেতারা গত বৃহস্পতিবার রাতে স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীকে ঢাকার বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরদিন গত শনিবার অনুমোদিত কমিটিতে দলীয় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি ঘরানার লোকদের নাম দেখে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফেইসবুকে এ নিয়ে নেতিবাচক মন্তব্য আসছে।

তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি দাবি করে গাজী সোহেল রানা বলেন, ২০১৮ সালের ৩০ নভেম্বর অনুমোদিত একটি কমিটি রয়েছে। যেখানে আমি সভাপতি ও নাসিম উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমাদের কমিটি বিলুপ্ত না করে কীভাবে নতুন কমিটি দেয়! এখানে চালাকি করে পেছনের তারিখ উল্লেখ করে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের লোকদের প্রতিষ্ঠিত করা হচ্ছে।

উপজেলার বলরামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, সাজ্জাদ শিকদার একসময় বিএনপি ঘরানার প্রভাবশালী পরিবহন নেতা ছিলেন।

তবে সাজ্জাদ শিকদার স্থানীয় সাংসদ সেলিনা আহমাদ মেরীর আত্মীয় হওয়ায় বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্য নেতারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া বলেন, ‘শুনেছি সাজ্জাদ শিকদারকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি করা হয়েছে। আমার জানামতে তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও গ্রহণ করেননি।’

এ ব্যাপারে সাজ্জাদ শিকদার বলেন, ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগকে সমর্থন করে আসছি। এখন তো তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি হয়েছি। আমার ভাগ্নে পারভেজ হোসেন সরকার আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, আরেকজন তিতাস-হোমনার এমপি।

কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব বলেন, তিতাস-হোমনা আসনের সাংসদের সুপারিশ থাকায় আমরা কমিটির অনুমোদন দিয়েছি।