তিন আসনের উপনির্বাচনে অংশ নেবে না সিপিবি

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের আসন্ন উপনির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এ কথা জানান।

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ২৮ জুলাই।

তিনি  বলেন, ‘বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই উপনির্বাচনেও মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না এবং আগের নির্বাচনের মতোই এই নির্বাচনও অংশগ্রহণমূলক হবে না। তাই এসব আসনে সিপিবির যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও, সিপিবি এসব উপনির্বাচনে অংশগ্রহণ করবে না।’

 সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম, কাজী রুহুল আমিন ও কেন্দ্রীয় কমিটির সংগঠক আবিদ হোসেন।