জাতীয় পর্যায়ে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১৮ জন গুণী ব্যক্তি ও দুটি সংগঠনকে শিল্পকলা পদকের জন্য মনোনীত করা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা মহামারীর কারণে ২০১৯ ও ২০২০ দুই বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়। পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও এক লাখ করে টাকা তুলে দেওয়া হবে। প্রতি বছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা পদক প্রদান করে আসছে শিল্পকলা একাডেমি।
২০১৯ সালের জন্য মনোনীত ৯ গুণীজন হচ্ছেন যন্ত্রসংগীতে মনিরুজ্জামান (বাঁশি), নৃত্যকলায় লুবনা মারিয়াম, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, নাট্যকলায় মাসুদ আলী খান, ফটোগ্রাফিতে এম এ তাহের, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য (পটশিল্পী), আবৃত্তিতে হাসান আরিফ, চলচ্চিত্রে অনুপম হায়াত ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘ছায়ানট’।
২০২০ সালের জন্য মনোনীত ৯ গুণীজন হচ্ছেন যন্ত্রসংগীতে সামসুর রহমান (সানাই), নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, কণ্ঠসংগীতে মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, নাট্যকলায় মলয় ভৌমিক, ফটোগ্রাফিতে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, লোকসংস্কৃতিতে শাহ আলম সরকার, আবৃত্তিতে ডালিয়া আহমেদ, চলচ্চিত্রে শামীম আখতার এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘দিনাজপুর নাট্য সমিতি’।