বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাংক ব্যাজ পরানো হয়েছে। গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, র্যাংক পরিধানের পর বিমানবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অফিসিয়াল কর্মকান্ড শুরু করেন।