সাতক্ষীরার আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারধর করায় গৃহবধূর গর্ভের সন্তান মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আনুলিয়া গ্রামের কাকবাসিয়া গ্রামে। জরুরি ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সোমবার ভোরে মৃত সন্তান প্রসব করেন গৃহবধূ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কাকবাসিয়ার দুই পক্ষের কয়েকজন নারী-পুরুষ আহত হন। তাদের অবস্থা খারাপ থাকায় বিশেষ করে জোসনা আরা অন্তঃসত্ত্বা থাকায় দ্রুত তাদের হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে জোসনার গর্ভের সন্তান মারা যায়। তার সন্তানটি মৃত অবস্থায় জন্ম হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. মমতাজ মুজিব বলেন, জোসনা’র গর্ভের সন্তানটি মৃত প্রসব হয়েছে। ইনজুরি সংক্রান্ত কারণে দুর্ঘটনা ঘটায় গর্ভেই সন্তানটি মারা যায়।
জোসনা আরা’র স্বামী বিল্লাল হোসেন গাজী বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে তার প্রতিপক্ষের হামলায় তার স্ত্রী আহত হয়েছেন, গর্ভের সন্তান মারা গেছে।
তিনিও আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এ ঘটনার বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন।