ধর্ষণ মামলায় নুরকে অব্যাহতি, সোহাগ-মামুন অভিযুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ চারজনকে ধর্ষণ, অপহরণ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতির সুপারিশ এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও হাসান আল মামুনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।

সোমবার মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।

২০২০ সালের ২১ সেপ্টেম্বর কোতয়ালি থানায় নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। একই অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় গত বছরের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার আরেকটি মামলাটি করেন একই শিক্ষার্থী।