শীর্ষে তামিমদের প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টিতে নবম রাউন্ড শেষে শীর্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগের দিন আবাহনী লিমিটেডের বিপক্ষে হারলেও সোমবার ওল্ড ডিওএইচএসকে ২২ রানে হারিয়েছে দলটি। সুবাদে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে তামিম ইকবাল, এনামুল হক বিজয়দের দল।

দিনের অন্য ম্যাচগুলোর মধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৪ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে বৃষ্টি আইনে ১৫ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

বিকেলে অনুষ্ঠিত ম্যাচগুলোতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪৯ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

মঙ্গলবার লিগে কোনো খেলা নেই। বুধবার ও বৃহস্পতিবার যথাক্রমে দশম ও একাদশ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।