জর্ডানের প্রিন্স হামজা বিন হুসেন দেশটিতে অভ্যুত্থান করার জন্য সৌদি আরবের সহায়তা আশা করছিলেন বলে আদালতের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে এএফপি। এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র গত রবিবার প্রকাশ করা হয়। এ দুই আসামি হামজার সহযোগী ছিলেন বলে বলা হচ্ছে।
দুই আসামির বিরুদ্ধে অভিযোগের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের সমর্থন নিয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করার আশা করছিলেন প্রিন্স হামজা। এ দুই আসামি হলেন জর্ডানের রাজকীয় আদালতের সাবেক প্রধান বাসেম আওদাল্লাহ ও দেশটির সাবেক বিশেষ দূত শরিফ হাসান বিন জায়েদ।
প্রতিবেশী সৌদি আরবের সঙ্গে উভয় আসামির ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে খবরে বলা হয়।