রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১২জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১০জন করোনা পজিটিভ। অন্য ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতাল জানায়, করোনা শনাক্ত হয়ে মৃতদের মধ্যে ৪ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, ৩ জনের বাড়ি রাজশাহী, ২ জনের বাড়ি নওগাঁ এবং ১ জনের বাড়ি মেহেরপুরে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ২জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 

গত ১ জুন থেকে ১৪ জুন সকাল পর্যন্ত দুই সপ্তাহে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৩৬ জন। এর মধ্যে ৮০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

১২ জনের মধ্যে পুরুষ ৭ জন আর নারী ৫জন। পুরুষদের মধ্যে ৬১ বছরের ঊর্ধ্বে বয়সী মারা গেছেন ২জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ২জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন ২জন। মৃত নারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ২জন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১জন নারী। 

রামেক হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকালে রোগী ভর্তি ছিলেন ৩০৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৫৭ জন। আর করোনা সন্দেহে চিকিৎসা চলছে ১০০ জনের। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩, চাপাই নবাবগঞ্জের ৫ নাটোর ১ ও নওগাঁর ২জন, কুষ্টিয়ার ১জন। ২৪ ঘণ্টায় ছুটি পেয়েছেন ২৬ রোগী।

এদিকে, করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী শহরে সর্বাত্মক লকডাউন চলছে। স্থানীয় প্রশাসন আগামী ১৭ জুন পর্যন্ত এই লকডাউন ঘোষণা করে। লকডাউনের কারণে শহরের দোকান পাট বন্ধ, গণপরিবহন চলছে না। রাস্তায় সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে গেছে। রাস্তায় মানুষের চলাচল ঠেকাতে মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা রয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত শহরে কাজ করছে। 

স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় রবিবার ২৯ জনের কাছ থেকে ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা  আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।