সেতাবগঞ্জ চিনিকল বকেয়া বেতনের দাবিতে অফিস ঘেরাও

দিনাজপুরের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলে বকেয়া বেতনের দাবিতে অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। গতকাল সোমবার সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিবের অফিস কক্ষ ঘেরাও করে তারা বিক্ষোভ প্রদর্শন করে।

শ্রমিক-কর্মচারীরা জানান, চিনিকলের আখ মাড়াই বন্ধ রয়েছে, কিন্তু তাদের চাকরি থাকবে কি না, বেতন-ভাতা পাবে কি না, এ বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করছে না। তারা চিনিকলের কর্মকর্তাদের কাছে ধরনা দিচ্ছেন। চিনিকলের সিডিএ তোফাজ্জাল হোসেন তোফা জানান, ৬ মাস ধরে বেতন-ভাতা নেই, কী যে দুঃসহ জীবনযাপন করছি তা বুঝাতে পারব না। সব শ্রমিক-কর্মচারীর একই অবস্থা। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছে। মিল সূত্রে জানা গেছে, শ্রমিক কর্মচারীদের গত ৬ মাসের বেতন ৮ কোটি ১০ লাখ ৩৫ হাজার টাকাসহ চিনিকলের মোট দেনা ৫৫ কোটি ৩৫ লাখ টাকার মতো।

চিনিকলের এমডি আহসান হাবিব জানান, সদর দপ্তরে টাকা বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। টাকা এলে সব বকেয়া পরিশোধ করা হবে।