বিকাশ প্রতারক চক্রের দুজন গ্রেপ্তার

বিকাশ এজেন্টের দোকানে লেনদেনের বইয়ের ভিডিও ধারণ করে পরে বিকাশ প্রতিনিধি পরিচয় দিয়ে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুজনকে  গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (উত্তর) পুলিশের একটি দল।

গতকাল সোমবার দুপুরে নগরীর মনসুরাবাদ গোয়েন্দা (উত্তর) কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সালাম কবির।

গ্রেপ্তার চক্রের হোতা মিঠুন কুমার বালা (২৬) মাগুরা জেলার শ্রীপুর থানার গোয়ালদাহ গ্রামের বাসিন্দা। অপরজন একই জেলার রায়নগর গ্রামের হামিদুল মোল্লা (২২)।

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সালাম কবির জানান,  গ্রেপ্তার দুজন অপরাপর ব্যক্তিদের সহযোগিতায় বিভিন্ন কৌশলে বিকাশ লেনদেনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। চক্রের সদস্যরা স্মার্টফোনের ক্যামেরা অন করে বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে গিয়ে সুকৌশলে লেনদেন বইয়ের ভিডিও ধারণ করে তথ্য সংগ্রহ করে থাকে। পরে বিকাশ প্রতিনিধি সেজে গ্রাহকদের ফোন করে  কৌশলে পিন নম্বর সংগ্রহ করে বিকাশ অ্যাকাউন্টে থাকা অর্থ আত্মসাৎ করে থাকে। এ বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে এর প্রাথমিক সত্যতা পাওয়ার পর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে।