পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ৩৭০ বসতি উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের পাশর্^বর্তী উত্তর পাহাড়তলী, সীতাকু- উপজেলার জঙ্গল সলিমপুর এবং হাটহাজারী উপজেলার জালালাবাদ মৌজার বিভিন্ন পাহাড় থেকে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ৩৭০টি বাড়ি উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিনব্যাপী তিনভাগে বিভক্ত হয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মেট্রো) নুরুল্লাহ নূরী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ৩৭০টি বাড়ি উচ্ছেদ করা হয়েছে।

প্রায় ৩শ জনবল ও ৩টি এক্সকাভেটরের সহায়তায় বায়েজিদ লিংক রোডের মহানগর অংশে ১১০টি, সীতাকুণ্ড অংশে ৭০টি এবং হাটহাজারী অংশে ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অধিকাংশ স্থাপনা টিনের তৈরি। কিছু সেমিপাকা এবং পাকা সীমানা দেয়ালও উচ্ছেদ করা হয়েছে।