কক্সবাজারের টেকনাফে নাফ নদীর পাড় থেকে শিশু, নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এস কে আনোয়ার প্রজেক্টের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানাতে না পারলেও তারা রোহিঙ্গা হবে বলে ধারণা করছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজন শিশু ও একজন নারী। তাৎক্ষণিকভাবে লাশ দুটির নাম-পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মৃতরা রোহিঙ্গা। এর আগেও নাফ নদীর পাড় থেকে নারীসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ।