সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের রায়হান (১৮) ও নাজমুল (১৯) নামে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহজালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো রবিউল নামে আরও এক হত্যাকারী পলাতক রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দুই ভাইকে হত্যাকা-ের ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ। টানা ৪৬ ঘণ্টার অভিযানে মূল হত্যাকারী শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার সহযোগী অপর হত্যাকারী রবিউল ও পুলিশের নজরদারিতে রয়েছে। যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে।
গত শুক্রবার সকালে স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের পাট ও ধইঞ্চাক্ষেতের মধ্যে ২০ গজ দূরত্ব থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রায়হানের মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।