করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তারা

৩০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিআরডিবি

‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ স্লোগান নিয়ে কভিড-১৯-এর মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মধ্যে স্বল্প সুদে ও সহজ শর্তে ৩০০ কোটি টাকা প্রণোদনা ঋণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। সংস্থার সদর দপ্তর পল্লী ভবনের সম্মেলন কক্ষে গতকাল সোমবার বিকেলে এক অনুষ্ঠানে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়। কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কু-ুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পল্লী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই প্রণোদনার ঋণ বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি ক্ষতিগ্রস্ত নারী পল্লী উদ্যোক্তাদের এই প্রণোদনা ঋণ কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বিআরডিবি মোট ৩০০ কোটি টাকা ঋণ তহবিল বরাদ্দ পেয়েছে। ৪ শতাংশ সরল সুদে ২ বছর মেয়াদে (৬ মাস গ্রেস পিরিয়ডসহ) উদ্যোক্তাদের মধ্যে এই ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম দফায় প্রাপ্ত ১৫০ কোটি টাকা থেকে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ২৮ উপজেলার ৭৯৯ জন সুফলভোগী ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ২০ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার একজনসহ বৃহত্তর ফরিদপুরের মোট পাঁচজন উদ্যোক্তা উপস্থিত থেকে প্রণোদনার চেক গ্রহণ করেন। ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত থেকে অবশিষ্ট ৭৯৪ জন ক্ষুদ্র উদ্যোক্তা বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিআরডিবির জেলা কার্যালয় থেকে প্রণোদনা ঋণের চেক গ্রহণ করেন। পর্যায়ক্রমে সারা দেশের সব জেলা ও উপজেলায় কভিডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের এই প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

প্রসঙ্গত, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিআরডিবি প্রতি বছর ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ বিতরণ করে থাকে। বিআরডিবির আওতায় মোট ১ লাখ ৬৭ হাজার সমবায় সমিতি ও অনানুষ্ঠানিক দলের মোট ৫০ লাখ ১২ হাজার সুফলভোগী সদস্য বিআরডিবি থেকে ক্ষুদ্রঋণ ও আয় বর্ধনমূলক প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করে দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। পল্লীর জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিআরডিবি এ পর্যন্ত ১১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।