প্যাট্রিকের অবিশ্বাস্য গোলে জয় চেকের

১৯৭৬-এর চ্যাম্পিয়ন চেকস্লোভাকিয়া ভেঙে দুই দেশ এখন। চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া। দুই দেশ একই দিন ইউরো ২০২০ শুরু করল জয় দিয়ে। প্যাট্রিক চিকের অসাধারণ জোড়ায় চেক হারিয়েছে স্কটল্যান্ডকে। আর স্লোভাকিয়া ২-১ গোলে হারায় লেভানডোস্কির পোল্যান্ডকে। স্কটল্যান্ডের নিজেদের মাঠ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে প্রথমার্ধের ৪২ মিনিটে ভ্লাদিমির কোফালের কর্নার ক্রসে হেডে প্রথম গোল করেন বেয়ার লেভারকুসেনের দীর্ঘদেহী ফরোয়ার্ড। তার দ্বিতীয় গোলটি তো অবিশ্বাস্য। ৫২ মিনিটে পাল্টা আক্রমণে টমাস সুসেক বল বাড়িয়ে দেন প্যাট্রিকের উদ্দেশে। ৫০ গজ দূরে বল পেয়েই লব করেন প্যাট্রিক। স্কটিশ গোলকিপার ডেভিড মার্শাল বক্সের মাথা থেকে জায়গায় ফিরতে ফিরতেই বল ঢুকে যায় পোস্টে। বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি ২৩ বছর পর বড় কোনো টুর্নামেন্ট খেলতে নামা স্কটল্যান্ড।