করোনা আতঙ্কে লিওনেল মেসি

ব্রাজিলের করোনা পরিস্থিতি ভয় ধরিয়েছে লিওনেল মেসির মনেও। গত রাতে চিলির সঙ্গে প্রথম ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমরা দুশ্চিন্তায় আছি। কারণ সবাই কভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে। সতর্ক থাকার চেষ্টা করলেও কাজটা তো সহজ নয়। এগুলো এভাবেই হয়। আমরা সতর্ক থাকতে সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করব। কিন্তু সব সময় তো আমাদের কিংবা একজনের ওপর সব নির্ভর করে না।’

তবে যে কোনো মূল্যে দেশের হয়ে শিরোপা জিততে চান মেসি এবার, ‘আমার মনে হয় এটাই সময়। কোপা আমেরিকাই সেই সুযোগ। দেশের হয়ে শিরোপা জয় আমার বড় স্বপ্ন। এর আগে খুব কাছাকাছি গিয়েও পারিনি। তবে না জেতার আগ পর্যন্ত চেষ্টা করে যাব। ক্লাব পর্যায়ে ও ব্যক্তিগতভাবে সব জেতার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে জাতীয় দলের হয়ে কিছু জিততে পারলে সেটা আরও ভালো হয়।’