উখিয়া সীমান্তে বিজিবি-মাদক কারবারি গুলি বিনিময়, ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি-মাদক কারবারি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি বর্ষণ করে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার দুপুরে উখিয়া সীমান্তের রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস টহলদল উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড়ে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

দুপুর দেড়টার দিকে মাদক পাচারকারী ৬ ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যদের ওপর অতর্কিতভাবে গুলি বর্ষণ শুরু করে।

তিনি বলেন, বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে ৭ রাউন্ড পাল্টা গুলি করে। এ সময়, চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি গহিন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে আনুমানিক ২,৪০,০০০ (দুই লাখ চল্লিশ হাজার) পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এর আনুমানিক মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা।এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।