সাভারে জোড়া খুন পারিবারিক বিরোধে একজন গ্রেপ্তার

সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের রায়হান (১৮) ও নাজমুল (১৯) নামে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহজালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো রবিউল নামে আরও এক হত্যাকারী পলাতক রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দুই ভাইকে হত্যাকা-ের ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ। টানা ৪৬ ঘণ্টার অভিযানে মূল হত্যাকারী শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার সহযোগী অপর হত্যাকারী রবিউল ও পুলিশের নজরদারিতে রয়েছে। যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে।

গতকাল দুপুরে সাভার মডেল থানায় সাংবাদিকদের হত্যাকা-ের বিষয়ে ব্রিফিং করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। এ সময় তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তাদের মধ্যে নিহত রায়হানের আপন ফুফাতো ভাই হলো হত্যাকারী শাহজালাল। সে আগে রায়হানদের বাসায় থাকত এবং সে সময় পারিবারিক বিভিন্ন কারণে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে শাহজালাল রায়হানের বাসা থেকে অন্যত্র চলে আসে এবং ক্ষোভের বশবর্তী হয়ে রায়হানকে হত্যার পরিকল্পনা করে। সেই অনুযায়ী শাহজালাল তার সহকর্মী রবিউলকে সঙ্গে নিয়ে পূর্ব পরিকল্পনামাফিক রায়হানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।