রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে ৮ জন করোনা আক্রান্ত আর চারজন ‘উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে আটজন পুরুষ, চারজন নারী। এদের মধ্যে সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জের সাতজন। এ ছাড়া রাজশাহীর তিনজন এবং নাটোর ও নওগাঁর একজন করে আছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের চারজন, নওগাঁ পাঁচজন ও কুষ্টিয়ার দুইজন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ২৭৩ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৩২৫ জন। অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে ৫২ জন রোগীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২, নাটোরের ১৭, নওগাঁর ২৬, পাবনার ৪, কুষ্টিয়ার ৬ ও চুয়াডাঙ্গার ১ জন।