হাসিমুখে এরিকসেন বললেন, ‘ভালো আছি’

‘ফুটবল ঈশ্বর’ তার ভক্তদের প্রার্থনা শুনেছেন। সতীর্থ-সমর্থকসহ বিশ্বজুড়ে সকল ফুটবলাররা প্রার্থনায় বসেছিলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য।

তিন দিন ধরে সবার উৎকণ্ঠার জবাব হাসিমুখে দিয়েছেন ড্যানিশ মিডফিল্ডার। হাসপাতালের বেডে শোয়া অবস্থায় থাম্বস আপ দেখিয়ে হাসিমুখে এরিকসেন বললেন, ‘আমি ভালো আছি’।

ইন্টার মিলান তারকা ভালো হয়ে উঠুক সেটাই যেন সবার চাওয়া ও প্রার্থনা ছিল। শনিবার ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের ম্যাচের প্রথমার্ধের শেষদিকে হঠাৎই মাঠে পড়ে যান এরিকসেন। কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।

এ সময় মাঠে তার ড্যানিশ সতীর্থ ও ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসেনকে। সবার ভালোবাসা ও প্রার্থনায় একেবারে মৃত্যুর দরজা থেকে ফিরেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এরিকসেন জানালেন, তিনি ভালো আছেন। মঙ্গলবার ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের অফিশিয়াল টুইটার পেজে চিকিৎসাধীন অবস্থায় এরিকসেনের হাসিমুখের এক ছবি পোস্ট করে এক বার্তা প্রকাশ করেছেন। সেখানে লেখা, ‘কেমন আছেন সবাই? পৃথিবীর নানা প্রান্ত থেকে আপনাদের পাঠানো মিষ্টি ও চমৎকার অভিবাদন-বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ও আমার পরিবারের কাছে এটা বিশাল কিছু। এই পরিস্থিতিতে— আমি ভালো আছি। হাসপাতালে আমাকে আরও কয়েকটি পরীক্ষা করতে হবে, তবে আমি ভালো বোধ করছি। এখন, ডেনমার্কের পরবর্তী ম্যাচগুলোর জন্য সতীর্থদের উৎসাহ দেবো। সবাই ডেনমার্কের জন্য খেলো। শুভেচ্ছা— ক্রিস্টিয়ান।’

এরিকসেন শারীরিক পরিস্থিতির কারণে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচটি স্থগিত থাকে। তবে পরে ফের মাঠে গড়ানোর পর ডেনমার্ক হারে ১-০ গোলে।