সোমালিয়ায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৫ সেনা নিহত হয়েছেন। সেনা কর্মকর্তা মোহামেদ আদান এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি। সদ্য নিযুক্ত সেনাসদস্যদের প্রশিক্ষণের সময় ছদ্মবেশে থাকা বেশ কয়েকজন আত্মঘাতী হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার জেনারেল ধেগোবাদান মিলিটারি ক্যাম্পে ওই হামলার ঘটনা ঘটেছে।

সেনা কর্মকর্তা মোহামেদ আদান বলেন, ‘আমি নিজেই ১৫ জনের মরদেহ দেখেছি। এরা সবাই সদ্য নিযুক্ত সেনাসদস্য। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।’ ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মোগাদিসু মদিনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।