একটা পুতুল সরকার দেশ চালাচ্ছে : আব্বাস

আওয়ামী লীগ নয়, একটা ‘পুতুল সরকার’ দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘দেশে এখন লুটপাটের রাজত্ব চলছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে ভবিষ্যতে এ লুটপাটকারীদের বিচার হবে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু ফোরামের উদ্যোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের মুক্তির দাবিতে আয়োজিত এক সামবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমার বারবার একটা কথা মনে হয়, এ দেশ সম্ভবত আওয়ামী লীগ চালাচ্ছে না। একটা পুতুল সরকার এ দেশে বসা আছে। তারাই চালাচ্ছে। কারও নির্দেশমতো কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা কিংবা সবাই একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে নিজেদের গা বাঁচানোর জন্য এই আওয়ামী লীগ নামক পুতুলটিকে টিকিয়ে রেখেছে।’