সংসদে জাপা এমপি চুন্নু

নাসির ইউ মাহমুদ ‘ভালো লোক’

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির করা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদকে ‘ভালো লোক’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৬ আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। গতকাল মঙ্গলবার সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে চুন্নু তার দলের প্রেসিডিয়াম সদস্য নাসিরকে নিয়ে এই মন্তব্য করেন।

জাপা এমপি বলেন, ‘গতকাল সংসদে একজন সদস্য নায়িকা পরীমণির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেপ্তার হয়েছেন। আমি তাকে চিনি। তিনি উত্তরা ক্লাবের তিনবারের প্রেসিডেন্ট ছিলেন। সেই লোকটি জাতীয় পার্টি করেন। তিনি ভালো লোক।’

পরীমণি অভিযোগ করেছেন, গত ৮ জুন উত্তরার কাছের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিলেন নাসির। তখন তাকে মারধরও করা হয়। তবে এই অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন নাসির। তিনি বলছেন, ‘ক্লাবে সেদিন পরীমণি জোর করে দামি মদ নিতে গেলে বাধা দিয়েছিলেন তিনি। তাতে এই অভিনেত্রী উত্তেজিত হয়ে তাকেও আক্রমণ করেছিলেন। পরে নিরাপত্তারক্ষীরা এসে তাকে বের করে দেয়।’

মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব নেওয়ার ব্যবস্থা করতে স্পিকারকে অনুরোধ করেছেন বিরোধী দলের নেতা সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। হিসাব জমা দেওয়ার জন্য দুই-তিন মাস সময় দিয়ে আদেশও চান তিনি।