ঘরে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ, বাবা গুরুতর আহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে মা ও তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুদের বাবাকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)। বাবা হিফজুর রহমানকে (৩৫) গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, ঘটনাটি মঙ্গলবার রাতের কোনো এক সময়ের। নিহতদের গলাকাটা এবং শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। হিফজুর রহমানের মাথায় একাধিক কোপের আঘাত রয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার সকালে হিফজুর রহমানের পরিবারের লোকজনের ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময় ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ কিন্তু ভেতরের শিটকিনি খোলা। বিছানার উপর তিনজনের লাশ আর হিফজুরকে গোঙাতে দেখেন।

পরে খবর পেয়ে পুলিশ এসে তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হিফজুরকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।