পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামি তুহিন সিদ্দিকী অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে সাভার ও দক্ষিণখান থানার পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, রাজধানীর দক্ষিণখানে অমির রিক্রুটিং এজেন্সি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে অভিযান চালানো হয়। এ ছাড়া উত্তরা পশ্চিম থানা এলাকায় আরেকটি ট্রাভেল এজেন্সিতে পুলিশ অভিযান চালায়।
সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়ে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়। সেখান থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে উত্তরা পশ্চিম থানা এলাকার ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অমি, দক্ষিণ খান থেকে আটক বাছির, মশিউরসহ পাঁচজনকে আসামি করে পাসপোর্ট আইনে মামলা করেছে।
পুলিশ জানায়, ট্রাভেল এজেন্সির বৈধ লাইন্সেস আছে কিনা বা জব্দ পাসপোর্টগুলো বৈধ নাকি অবৈধ খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে সোমবার পরীমণির করা মামলায় নাসির ইউ মাহমুদ, অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলায় নাসির ও অমির সাত দিনের রিমান্ড এবং গ্রেপ্তার তিন নারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) নিবানা খায়ের জেসি এ রিমান্ড মঞ্জুর করেন।
৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় বাদী হয়ে সোমবার রাতে তিনি সাভার থানায় মামলা করেন।