মাঠেই লেগে গেল সরফরাজ-শাহিনের (ভিডিও)

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে মাঠেই কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি। মঙ্গলবার লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

পাকিস্তান জাতীয় দলে সরফরাজের নেতৃত্বে খেলেছেন শাহিন। যিনি পিএসএলে কোয়েটার অধিনায়ক। তার সঙ্গেই লাহোর কালান্দার্সের পেসার শাহিন জড়িয়ে যান তর্কে।

তাদের ঝগড়া থামাতে বেগ পেতে হয় মাঠের আম্পায়ার আলিম দারকে। শেষ পর্যন্ত সোহেল আখতার ও মোহাম্মদ হাফিজকে এসে তা থামাতে হয়।

ঘটনাটা ঘটে কোয়েটার ব্যাটিং ইনিংসে ১৯তম ওভারে। আফ্রিদির বাউন্সার এসে লাগে সরফরাজের হেলমেটে। আম্পায়ার ‘নো’ বলের নির্দেশ দেন। হেলমেটে লেগে বল থার্ড ম্যানের দিকে চলে যায়। দৌড়ে এক রান নেন সরফরাজ। সেই সময় আফ্রিদির উদ্দেশে কিছু বলতে দেখা যায় তাকে।

তরুণ পেসার খুব ভালো ভাবে নেননি সেই বক্তব্য। তেড়ে যান সরফরাজের দিকে। পরিস্থিতি ঠান্ডা করতে হাফিজও সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন। সরফরাজকে শান্ত হতে বলেন তিনি।

পরে শাহিন আফ্রিদি ঘটনাটিকে খেলার অংশ বলেই এড়িয়ে গিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও। চলছে আলোচনা-সমালোচনা।