সড়কে প্রাণ গেল ৬ জনের

ঢাকা ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকার ওয়ারীতে লেগুনা উল্টে এক নারী নিহত হয়েছেন। সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঢাকা : ওয়ারী এলাকায় লেগুনা উল্টে সুমাইয়া আক্তার (১৯) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে জয়কালী মন্দির সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শাকিলের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, গতকাল স্ত্রী সুমাইয়াকে পাশের সিটে বসিয়ে আরও ৮-১০ যাত্রী নিয়ে লেগুনা চালিয়ে জুরাইন থেকে গুলিস্তান যাচ্ছিলেন লেগুনা চালক শাকিল। পথে জয়কালী মন্দির এলাকায় রাস্তায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে লেগুনাটি উল্টে যায়। এতে সুমাইয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওয়ারী থানার এসআই আজহার হোসেন জানান, ময়নাতদন্তরে জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

সাভার : পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকায় গাড়িচাপায় সুজাতা রানী (৩৮) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। আর নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় জাহিদুল ইসলাম (৩০) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। জাহিদুল রাজধানীর মিরপুরের পর্বতা এলাকার বাসিন্দা। আর সুজাতা নওগাঁর হেমায়েতপুরের সদাই বর্মনের স্ত্রী। আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। আর নবীনগরের ঘটনায় সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম জানান, চাপা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

গাজীপুর : মহানগরীতে কাভার্ডভ্যানের চাপায় কোহিনুর খাতুন (২৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গত মঙ্গলবার বিকেলে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের এসিআই গেট এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম (১৮) ও মেহেদী হাসান (১৯) নামে মোটরসাইকেলের চালক-আরোহী দুই তরুণ নিহত হয়েছে। জিএমপি কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে শ্রীপুর থানার এসআই মাহবুব হাসান জানান, দুর্ঘটনায় তরিকুল ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর মেহেদীর মৃত্যু হয়।