নিজেদের প্রথম ম্যাচে জিতেছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। প্রতিপক্ষের জালে দিয়েছে তিন গোল। আজ চ্যালেঞ্জ ‘সি’ সেরা হওয়ার। ঘরের মাঠে ডাচরা চাইবে ওই অবস্থান দখলে নিতে।
নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার জন্য লড়াইটা দীর্ঘদিন পরের। সেই ২০১৬ সালে শেষবার মুখোমুখি হয়েছিল তারা। তাতে ডাচদের জয় ২-০ তে। ওই ম্যাচের স্কোরার তরুণ জর্জিনিও উইনালডম এখন অনেক পরিণত, নেদারল্যান্ডস অধিনায়ক। তার নেতৃত্বেই ইউক্রেনের শক্ত লড়াই উপেক্ষা করে জিতেছে ডাচরা। দলটির জন্য বড় সুখবর জুভেন্তাস তারকা ম্যাতিয়াস ডি লিখট এখন ফিট। অস্ট্রিয়ার বিপক্ষে এ মিডফিল্ডার ফিরলে ডাচদের শক্তি আরও বাড়বে। আগের ম্যাচে চিরায়ত উদ্দীপ্ত ফুটবল উপহার দিয়েছে ডাচরা। তবুও ডিফেন্স নিয়ে দুর্বলতা কাটাতে হবে। এই দুর্বলতার সুযোগ নিয়ে ২-০ তে পিছিয়ে থাকা ইউক্রেন মাত্র ৪ মিনিটে ২-২ করে ফেলে স্কোরলাইন। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে ডেনজের ডামফ্রিসের গোলে জয় পায় তারা। এছাড়া কাউন্টার অ্যাটাকে শেষ মুহূর্তে তালগোল পাকিয়ে ফেলা কাটাতে হবে ফ্রাঙ্ক ডি বোরের দলকে।
এদিকে অস্ট্রিয়া মেসিডোনিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়কে পুঁজি করে এগোতে চায়। তিন বারের প্রচেষ্টায় ইউরো আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। এই আত্মবিশ্বাসের সঙ্গে অস্ট্রিয়া এটাও জানে আজ ১ পয়েন্ট পেলেই প্রি-কোয়ার্টার অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তাই আমস্টারডাম অ্যারেনায় না জিতলেও গোল হজম করতে চাইবে না অস্ট্রিয়া।