খেলাঘরের বিপক্ষে ম্যাচটি হারলে সুপার লিগ কঠিন হতো মোহামেডানের জন্য। কিন্তু সুপার ওভারের রোমাঞ্চ জিতে যাওয়ায় সুপার লিগও নিশ্চিত করে ফেলল তারা। শেষ ম্যাচে আজ গাজী গ্রুপের সঙ্গে হারলেও ক্ষতি নেই মোহামেডানের। আবাহনী, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ও শেখ জামালও সুপার লিগ নিশ্চিত করেছে।
কাল তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিব আল হাসানের। আজ গাজী গ্রুপের বিপক্ষে সন্ধ্যা ৬টার ম্যাচে একাদশে ফিরবেন মোহামেডান অধিনায়ক। সাকিবকে ছাড়া গত তিন ম্যাচের একটিতেও হারেনি দলটি। এক ম্যাচ পরিত্যক্ত হলেও জিতেছে দুটি। গতকাল বিকেএসপিতে বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া খেলা ১০ ওভারে নামিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করে মোহামেডান ৯ উইকেটে করে ৮৮। ৮৯ রানের লক্ষ্যে খেলতে নামা খেলাঘরের শেষ ওভারে দরকার ছিল ৬ রানের। শেষ বলে সমীকরণ দাঁড়িয়েছিল ২। কিন্তু এক রান নিলে স্কোর টাই হয়। সুপার ওভারে ১৩ রান করে খেলাঘর। মোহামেডান ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছালে ৬ষ্ঠ জয় নিশ্চিত হয় তাদের। এদিকে লিগে নিজেদের তৃতীয় হার হজম করেছে। প্রাইম দোলেশ্বরের ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ৮০ রানে পৌঁছে গিয়েছিল আবাহনী। কিন্তু মাত্র ৬ রানে ৫ ব্যাটসম্যান হারায় তারা।
এদিকে শেখ জামালের বিপক্ষে ওল্ড ডিওএইচএসের তরুণ অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমন মাত্র ২ ওভারে ৫ উইকেট নেন। লিগে এটি তৃতীয় ৫ উইকেটের কীর্তি। আগের দুটি মোস্তাফিজ ও শেখ জামালের সালাউদ্দিন শাকিলের।